বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে আজ সকালে জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, বৈঠকে বাংলাদেশ ও ডেনমার্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের উন্নয়নে ডেনমার্কের অবদান ও মানসম্মত ঔষধ আমদানিতে দেশটির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পারস্পরিক সহযোগিতা এবং উন্নয়ন লক্ষ্যের ভিত্তিতে বাংলাদেশ ও ডেনমার্কের সম্পর্ক ভবিষ্যতে আরো শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

এছাড়া আরো আশা করা হয়, দু’দেশের এ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টেকসই উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে নতুন দিগন্ত সৃষ্টি করবে।

বৈঠকে ডেনমার্কের রাষ্ট্রদূতের সঙ্গে আরো উপস্থিত ছিলেন দূতাবাসের উপপ্রধান অ্যান্ডার্স বি কার্লসেন।

এসময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।