চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা পর্যন্ত জেলার পাঁচটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস গ্রেফতারকৃতদের পরিচয় নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন সদর থানাধীন চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের ছাগলাপাড়ার মৃত কাছেদ মণ্ডলের ছেলে সাবেক ইউপি সদস্য, আওয়ামী লীগের সক্রিয় কর্মী জিল্লুর রহমান (৫৫), একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী সোহাগ হোসেন (৩২), আলমডাঙ্গা থানাধীন একই উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের আফজালুল হকের ছেলে ও চিৎলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহাবুবুল হক (৪২), একই থানাধীন ভোগাইল বগাদি গ্রামের মরহুম মঙ্গল মণ্ডলের ছেলে ও গাংনী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোজাম মণ্ডল (৪৫), দামুড়হুদা মডেল থানাধীন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা দক্ষিণ পাড়ার মরহুম আব্দুল করিমের ছেলে ও একই ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ছানোয়ার হোসেন মন্টু (৪৭) এবং দর্শনা থানাধীন পৌর এলাকার জয়নগর স্কুল পাড়ার মরহুম বায়তুল্লাহ গাইনের ছেলে ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম (৫৫)।
তিনি আরো জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলার পাঁচটি থানায় বিস্ফোরক উপাদানবলি ৩/৬ ধারায় মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা সবাই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী। তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি ।
এ নিয়ে অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে চুয়াডাঙ্গায় গত চারদিনে ২৫ জনকে গ্রেফতার করা হলো।










