নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল
ইসলাম রবির বাড়িতে মধ্যরাতে অভিযান চালিয়ে তার কলেজপড়ুয়া ছেলেকে আটক করেছে পুলিশ৷
গতকাল বুধবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক একটার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায়
পুলিশ এ অভিযান চালায়।
খবরটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক
(তদন্ত) হাফিজুর রহমান৷
তিনি বলেন, ‘গতরাতে বিভিন্ন স্থানে ডিবি ও
থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে৷ রোবায়েত আশফাক (২০) নামে একজনকে সন্দেহভাজন
হিসেবে আটক করে থানায় আনা হয়েছে৷ বিগত সময়ে নাশকতামূলক কর্মকাণ্ডে তার কোনো সম্পৃক্ততা
আছে কিনা সে বিষয়ে যাচাই-বাছাই চলছে৷ সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার দেখানো
হবে৷’
আটক রোবায়েত ইশফাক প্রিয়তম বিএনপি নেতা মনিরুল
ইসলামের ছোট ছেলে৷ এ তরুণ নারায়ণগঞ্জ কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র৷
মনিরুল ইসলাম বলেন, ‘রাত একটার দিকে আমার
বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ৷ শতাধিক পুলিশ সদস্যের ওই দলটি আমার বাড়িতে ঢুকে
তল্লাশি চালিয়ে সবকিছু তছনছ করে ফেলেছে৷ বাড়িতে আমি ছিলাম না, স্ত্রী ও ছোটছেলে ছিল৷
আমাকে খুঁজে না পেয়ে ছেলেকে তুলে নিয়ে গেছে৷’
তিনি আরো বলেন, গত একমাসে জেলার বিভিন্ন থানায়
যেসব মামলা হয়েছে সেগুলোতে আমি আসামি না৷ আগের রাজনৈতিক মামলাগুলোতেও আমার আগাম জামিন
রয়েছে৷ আমার দুই ছেলের কেউই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না৷ তাদের নামে কোন থানায় কোন
মামলাও নেই৷ মূলত আমাকে না পেয়ে ছেলেকে নিয়ে গেছে পুলিশ৷
মনিরুল ইসলাম বলেন, ‘গায়েবি মামলায় গ্রেপ্তার
এড়াতে বিএনপির নেতাকর্মীরা সব ঘরছাড়া৷ এখন আমাদের না পেয়ে সন্তানদের তুলে নেওয়া হচ্ছে৷
তাকে কোথায় রাখা হয়েছে সেটাও খোঁজ নিতে পারতেছি না৷ শুনেছি সিদ্ধিরগঞ্জ থানায় নাকি
তাকে রাখা হইছে৷ কিন্তু থানাতে খোঁজ নিতেও পারতেছি না৷ গেলেই গ্রেপ্তার করবে৷ এই সরকার
তার ক্ষমতা টিকিয়ে রাখতে প্রশাসনকে ব্যবহার করছে৷’










