ওমরাহ পালনে সৌদি আরবে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে তার ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী এ তথ্য নিশ্চিত করেন।
হায়দার আলি জানান, ছেলে লাবিব ইবনে জামানকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ওমরাহ পালনের জন্য ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বাবর। এ সময় ঢাকা থেকে মদিনায় যাওয়ার পথে শ্বাসকষ্টজনিত কারণে বাবর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিমানটি দুবাইতে অবতরণের পর তাকে দ্রুত বিমানবন্দরের কাছের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। যেখানে ডাক্তাররা চেকআপের পর তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
তিনি জানান, বর্তমানে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন বাবর। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এছাড়া বাবরের বড় ছেলে তার সঙ্গে আছেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাবর ওমরাহ পালনে দুবাই থেকে সৌদি আরব যাবেন।










