লক্ষ্মীপুরে শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা মো. স্বপন ও অমিত হাসান রিপনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে শহরের সমসেরাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. স্বপন লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা এবং সাবেক পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার ব্যক্তিগত সহকারী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ৪ আগস্ট ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা এবং শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় মো. স্বপনসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। স্বপন এই মামলার এজাহারভুক্ত আসামি। দুপুর ১টায় তাদের আদালতে হাজির করে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট দুপুরে লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকার সামনে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা চালায়। হামলার সময় গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান, ওসমান গনি, সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী নিহত হন। আহত হন তিন শতাধিক ব্যক্তি। এ ঘটনায় হত্যা ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়। এসব মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করা হয়। —বাসস