লক্ষ্মীপুরে পেশাগত কাজে যাওয়ার পথে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও গুলির ঘটনায় জড়িত থাকার দায়ে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর এলাকায় অভিযান চালিয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মন্দার বাড়ির হারুনুর রশিদ খোকার ছেলে তারেক আজিজ (২৫), একই ইউনিয়নের কংশ নারায়ণপুর গ্রামের সরোয়ার হোসেনের ছেলে আরিয়ান হোসেন সৌরভ, গণেশ শ্যামপুর গ্রামের নুর নবী প্রকাশ আবদুল্লাহর ছেলে জাহিদ হাসান আলামিন।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানকালে তারেক আজিজের বাড়ি থেকে পুলিশ আধা কেজি গাঁজা ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। তার বিরুদ্ধে আরো একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। অপর আসামি জাহিদ হাসান আলামিনের বিরুদ্ধেও একটি মাদক মামলা রয়েছে।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদ জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় থানায় ১০ জনের নাম উল্লেখ করে ও পাঁচ ছয়জনকে অজ্ঞাত দেখিয়ে একটি মামলা দায়ের হয়েছে। মামলার এজাহারভুক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আসামিদের ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি একটি পরিকল্পিত ঘটনা। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার জন্য পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, গত রোববার (২ ফেব্রুয়ারি) বিকালে সংবাদ সংগ্রহের কাজে যাওয়ার পথে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের গণেশ শ্যামপুর এলাকায় পৌঁছালে আসামিরা দৈনিক খবরের কাগজের লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, দৈনিক আমার সময়ের প্রতিনিধি মোহাম্মদ আলাউদ্দিন, দৈনিক আমার বার্তার প্রতিনিধি আব্দুল মালেক নিরব ও দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি ফয়সাল মাহমুদের ওপর অতর্কিত হামলা করা হয়। এ সময় তিনজন সাংবাদিক গুলিবিদ্ধ ও মোহাম্মদ রফিকুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয় জনতা পুলিশের সহযোগিতায় আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। আহত সাংবাদিক রফিকুল ইসলাম ও আলাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকায় প্রেরণ করা হয়েছে।










