চট্টগ্রাম নগরীর কদমতলীতে একটি বহুতল ভবনের ৪র্থ তলায় কম্বলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

আজ সোমবার দুপুর দেড়টার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন কদমতলী পোড়া মসজিদ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকেল ৩টা ৪৫ পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, কদমতলী এলাকার একটি কম্বলের গুদামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছায়। আগুন নিয়ন্ত্রণে বিভিন্ন জোনের ৭টি ইউনিট কাজ শুরু করে। পরে আরো ২টি ইউনিট যোগ দিয়েছে আগুন নেভানোর জন্য। আপাতত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। বিস্তারিত পরে পর্যালোচনা করে জানানো হবে।