চট্টগ্রাম নগরীর হালিশহরের মুন্সী পাড়া এলাকায় একটি বহুতল ভবনের নিচতলায় প্লাস্টিক পণ্যের (ক্যারেট) গুদামে আগুন লেগেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হলেও রাত সাড়ে ৯টা পর্যন্ত আগুন জ্বলছিল। তবে আগুনের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে কারখানাটি ৭ তলা ভবনের নিচ তলায় অবস্থিত।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের তথ্য মতে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর ও সিইপিজেড স্টেশন থেকে ৬টি অগ্নিনির্বাপণকারী গাড়ি পাঠানো হয়েছে। রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে এখনো শতভাগ আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন দ্রুতই নিভিয়ে আনা সম্ভব হবে। যে ভবনে আগুন লেগেছে তার নিচে এ গুদাম হলেও ৭ তলা ওই ভবনের ওপরের দিকের ফ্লোরগুলোতে বাসাবাড়ি ছিল। এতে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শিশু-কিশোরদের পোড়ানো আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ৫-১০ মিনিটের মধ্যে আগুন বন্দরে আসা আমদানি পণ্যের প্লাস্টিকের ক্যারেটের স্তূপে ছড়িয়ে পড়ে।










