নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘রাজনীতি করবেন সেবা করার জন্য, সম্মানের জন্য। কেউ নেতা হয়ে মোড়লগিরি করবেন, এ মনোভাব থেকে সরে আসতে হবে। কারণ তারেক রহমানের নেতৃত্বে আমরা (বিএনপি) দেশ গড়ার চ্যালেঞ্জ হাতে নিয়েছি।’

গতকাল দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলেকজান্ডার মডেল সরকারি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন আয়োজন করা হয়।

এ্যানি বলেন, ‘শুধু পাঁচ বছরের জন্য দেশ পরিচালনা নয়, জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত যুগের পর যুগ আমাদের লড়াই করে যেতে হবে। যদি তা বাস্তবায়ন করতে না পারি তাহলে দেশের মানুষের ওপর ও সমাজ ব্যবস্থার ওপর আঘাত আসবে।’ এখন থেকে দলীয় নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

‎রামগতি পৌর বিএনপির আহ্বায়ক সাহেদ আলী পটুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ-শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান। রামগতি উপজেলা বিএনপির সদস্য সচিব সিরাজ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু।