কক্সবাজারের টেকনাফে ব়্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত কেফায়েত উল্লাহ ও কোরবান আলী ওরফে আঙুল কাটা শফিক নিহত হয়েছে। গতকাল ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া পাহাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে ব়্যাব।

ব়্যাবের দাবি, নিহত কেফায়েত উল্লাহ ও কোরবান আলী চিহ্নিত ডাকাত ও মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

কক্সবাজার ব়্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, গতকাল ভোরে মাদক ও অস্ত্র নিয়ে একটি ডাকাত দল দমদমিয়া পাহাড়ে অবস্থান করছে, এমন খবরে অভিযানে যায় ব়্যাব। ব়্যাবের অবস্থান টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি চালায়। আত্মরক্ষার্থে ব়্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে কেফায়েত উল্লাহ ও কোরবান আলীর মরদেহ পাওয়া যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ২০ হাজার ইয়াবা, দুটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে টেকনাফ থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।