নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দলের সদস্য সন্দেহে এলাকাবাসীর গণপিটুনীতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৬ নভেম্বর) ভোরে উপজেলার ইলুমদী আমবাগ এলকায় এই ঘটনা ঘটে। তবে পুলিশ নিহতের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি।

সকালে খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এলাকাবাসী জানায়, ভোরবেলায় স্থানীয় এক যুবলীগ নেতার ভাইয়ের বাড়ি থেকে মোটর সাইকেল চুরির চেষ্টা করে একদল ডাকাত। কিন্তু বারবার চেষ্টার পরও মোটর সাইকেলটি স্টার্ট নিচ্ছিল না। এসময় বাড়ির লোকজন ডাকাতের উপস্থিতি টের পেয়ে চিৎকার দিলে এলাকারবাসী বের হয়ে আসে। ডাকাত দলের অন্যরা পালিয়ে গেলেও এক সদস্যকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, ইলুমদী আমবাগ এলাকায় ডাকাত দলের সদস্য সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে একজন মারা গেছে। ধারণা করা হচ্ছে, ডাকাত দলের অন্য কোনো উদ্দেশ্য ছিল। হয়তো বিদেশ ফেরত কোনো প্রবাসীর গাড়ির গতিরোধ করে ডাকাতির চিন্তাভাবনা ছিল। সেটি ব্যর্থ হওয়ায় মোটর সাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।