গাজীপুরের কালীগঞ্জে সবজি বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে চালকসহ তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া হরিদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতরা হলেন- দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানের চালক মাদারীপুর জেলার ডাসার থানায় মেধাকুল পশ্চিম বনগ্রাম এলাকার মো. নাছিরের ছেলে মো. সাকিব (২২), খুলনা জেলার সোনাডাঙা থানার সোনার বাংলা গলি বানিয়া খামার এলাকার সোবাহান মোড়লের ছেলে মো. আল-আমীন (২৪) এবং সিলেট জেলার ওসমানী নগর থানার দক্ষিণ কালকিনির চর এলাকার মৃত আব্দুল নুরের ছেলে আব্দুল কাইয়ুম (২৬) । বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) আলাউদ্দিন জানান, গতকাল ভোরে একটি পিকআপ ভ্যান সবজি নিয়ে সিলেট থেকে গাজীপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালীগঞ্জের আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কের মোক্তারপুর ইউনিয়নের নোয়াপাড়া হরিদেবপুর এলাকায় পৌঁছামাত্র গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। সেখানে পানির কারণে গাড়ির গ্লাস ও দরজা খুলতে না পারায় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যানসহ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় নিশ্চিত করতে না পারলেও পরবর্তীতে নিহতদের আত্মীয়-স্বজন থানায় আসলে তাদের নাম পরিচয় নিশ্চিত করা হয়।

তিনি আরো জানান, সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার কারণে তাদের পরিবারের সদস্যদের পক্ষ থেকে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করার শর্তে এবং ময়নাতদন্ত ছাড়া মরদেহ গ্রহণের জন্য আবেদনের প্রেক্ষিতে মরদেহগুলো নিহতদের পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।