টেকনাফে মাদকের একটি চালানসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১ কেজি ৩৬ গ্রাম নতুন মাদক ক্রিস্টাল মেথ (আইস), ২০
হাজার ইয়াবা, একটি বিদেশী পিস্তল। আটক দুই পাচারকারী হলো টেকনাফের হ্নীলা ইউনিয়ন মোচনী এলাকার মৃত আবদুর রহিমের পুত্র দ্বীন মোহাম্মদ (৪০) এবং মিয়ানমার মণ্ডু শহর শিয়া কনদং এলাকার মৃত লাল মিয়ার পুত্র বদি আলম (৩০)।
গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার অভিযানের বিস্তারিত তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের একটি চালান টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকাসংলগ্ন নাফ নদী দিয়ে প্রবেশ করবে। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে দায়িত্বরত বিজিবির দুটি দল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নাফ নদীতে কৌশলগত অবস্থান নেয়। এ সময় মিয়ানমার থেকে একটি নৌকা জালিয়ারদ্বীপের কাছাকাছি এসে পৌঁছলে বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা আরোহীরা দ্রুত নৌকাটি ঘুরিয়ে মিয়ানমার সীমান্তের দিকে পালানোর চেষ্টা করে।
বিজিবি গুলি ছুড়ে নৌকাটিকে থামানোর চেষ্টায় ব্যর্থ হয়ে পরে স্পিডবোট দিয়ে ধাওয়া করে নৌকাসহ দুই মাদক পাচারকারীকে আটক করে। পরে নৌকাটি তল্লাশি চালিয়ে মাদক ও অস্ত্রসহ বিভিন্ন মাল উদ্ধার করা হয়। আটক দুই মাদক পাচারকারীকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।










