লক্ষ্মীপুরের রায়পুরে ছয় ছাত্রের চুল কেটে দেয়া সেই মাদ্রাসা শিক্ষক মঞ্জুরুল কবিরের জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়পুর আদালতের বিচারক তারেক আজিজ ওই শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিক্ষক মঞ্জুরুল কবিরকে আদালতে হাজির করে জামিন আবেদন করা হয়। আবেদন খারিজ করে তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

থানা পুলিশ জানিয়েছেন, শুক্রবার রাত ৯টার দিকে শিক্ষক মঞ্জুরুল কবিরকে উপজেলার বামনী ইউনিয়নের কাজিরদীঘিরপাড় এলাকা থেকে আটক করা হয়। মধ্যরাতেই মাদ্রাসাছাত্র শাহাদাত হোসেনের মা শাহেদা বেগম বাদী হয়ে শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা করেন। পরে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। শনিবার বিকালে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। শিক্ষক মঞ্জু রায়পুর উপজেলার হামছাদী কাজিরদীঘিরপাড় আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ও বামনী ইউনিয়ন জামায়াতের আমির।