বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চিকিৎসকেরা নিশ্চিত করলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে মসজিদের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এর আগে মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে চিকিৎসকেরা যথাসাধ্য চেষ্টা করছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, চিকিৎসকেরা আশা করছেন আগামীকাল (শনিবার) কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স দেশে এসে পৌঁছালে রোববার তাকে লন্ডনে নেয়া সম্ভব হবে।

তিনি বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় গত এক সপ্তাহ ধরে খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের উচ্চমানের চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। তবে এ চিকিৎসা আরো উন্নত হাসপাতালে করা প্রয়োজন বলে সবাই মনে করছেন। সে কারণে তাকে ইংল্যান্ডের হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।