জুলাইয়ের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল-এর চট্টগ্রাম নগরের বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানের সময় সাতজনকে আটক করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে নগরের ২ নম্বর গেট এলাকার চশমা হিলের বাসায় এ অভিযান চালায় পাঁচলাইশ থানা পুলিশ। অভিযানের পর বাসার সিসিটিভি ক্যামেরার ডিভিআর বক্স জব্দ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।
মহিবুল হাসান প্রয়াত চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামীকাল বৃহস্পতিবারের কর্মসূচিতে যোগ দিতে কয়েকজন ওই বাসায় জড়ো হচ্ছেন—এমন তথ্যসহ একটি ফেসবুক পোস্টের সূত্র ধরে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২ নম্বর গেট এলাকায় মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছোট ভাই বোরহান চৌধুরী ও বিএনপি নেতা নিয়াজ যৌথভাবে পরিচালনা করতেন ‘ক্যাফে মিলানো’ নামের একটি রেস্তোরাঁ। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রেস্তোরাঁটি বন্ধ থাকলেও অনলাইনে খাবার বিক্রি চলত। আটক সাতজন নিজেদের ওই রেস্তোরাঁর কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন, এবং প্রাথমিক যাচাইয়েও তা মিলেছে বলে জানিয়েছে পুলিশ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘আমরা একটি ফেসবুক পোস্ট পেয়েছি, যেখানে বলা হয় ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে এখানে কিছু লোক জড়ো হচ্ছেন। তথ্য ছিল তাদের জন্য বাইরে থেকে খাবার আসছে। তবে আমরা সে ধরনের কিছু পাইনি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।’










