তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, ‘রাষ্ট্রের দায়িত্ব জাতি-বর্ণ নির্বিশেষে সবার মানবাধিকার রক্ষা করা। তবে দুঃখের সঙ্গে বলতে হয়, আদিবাসীদের মানবাধিকার রক্ষায় রাষ্ট্র ব্যর্থ হয়েছে। আদিবাসীদের ওপর নির্যাতন, হত্যা, ভূমি দখল চলতেই থাকবে, এটা তো হতে পারে না। তারা কি আন্দোলন করতে করতেই জীবন পার করবে।’

গতকাল দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল সমাবেশে তিনি এসব কথা বলেন। উপজেলার কাটামোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়। সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, এএলআরডি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ ও গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদ সমাবেশের আয়োজন করে।

সুলতানা কামাল বলেন, ‘আমরা উন্নয়ন চাই। যদি উন্নয়নের সুফল সব জনগোষ্ঠী সমানভাবে না পায়, আদিবাসীদের উচ্ছেদ হতে হয়, তাহলে সেটি কিসের উন্নয়ন। দেশে প্রতিনিয়ত আদিবাসীদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। বিচারহীনতার কারণে এসব নির্যাতনে শিকার হচ্ছে তারা।’

সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে বলেন, ‘সুসংগঠিত সাহেবগঞ্জ বাগদা ফার্মের আন্দোলন সংগ্রাম ব্যাহত করতে কিছু মহল বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত। কতিপয় স্বার্থান্বেষী মানুষ আদিবাসীদের ভয়ভীতি দেখিয়ে জমি দখল করছে এবং বহিরাগত প্রভাবশালী বাঙালিদের টাকার বিনিময়ে লিজ দিচ্ছে। এছাড়া আন্দোলনে থাকা সদস্যদের সেচের যন্ত্রপাতি (ট্রান্সফরমার, মিটার, শ্যালো মেশিন ও যন্ত্রাংশ) চুরি করছে যাতে সেচ কার্যক্রম সঠিকভাবে পরিচালিত না হয়। ২০১৬ সালের আসামিরা আবারো হুমকি-ধামকি দিয়ে প্রকৃত সদস্যদের বিতাড়িত করার পাঁয়তারা চালাচ্ছে।’