নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় অপহরণের শিকার এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় অপহরণকারী যুবক মো. হাসানুর রহমান সুজনকে (১৯) গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে ফতুল্লার হাজীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ।
র্যাব জানায়, ভুক্তভোগী আড়াইহাজার থানার একটি স্কুলের এসএসসি পরিক্ষার্থী। গত ১০ নভেম্বর প্রাইভেট পড়ার জন্য স্কুলে যায় সে। স্কুলের সামনে থেকে তাকে তুলে নিয়ে যান সুজন। পরে তাকে জিম্মি করে স্কুলছাত্রীর বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে সে।
এ ঘটনায় ছাত্রীর বাবা র্যাবের কাছে অভিযোগ দায়ের করলে তারা বিষয়টি তদন্ত করে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে এবং অপহরণকারী সুজনকে গ্রেফতার করে।










