সিরাজগঞ্জে দ্রুতগতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় রেকর্ড ১৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ৩৯ দশমিক ৪৬ শতাংশ।

গতকাল দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় শহীদ এম মনসুর আলী পিসিআর ল্যাবে ২৪৫ জন ও জেলার বিভিন্ন হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন কিটের মাধ্যমে আরো ৯২ জনসহ মোট ৩৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৩৩ জন। নমুনা পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৩৯ দশমিক ৪৬ শতাংশ।

তিনি আরো জানান, এর আগে গত ১ জুলাই জেলায় সর্বোচ্চ ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। আক্রান্তের হার ছিল ৪৩ দশমিক ৫৮ শতাংশ। ২৪ ঘণ্টায় আক্রান্তের সেই হার ছাড়িয়ে গেছে। সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় বলেন, জুনের শেষ সপ্তাহ থেকে করোনা সংক্রমণের হার দ্রুত বাড়ছে। কিন্ত ২৪ ঘণ্টায় জেলায় আক্রান্তের হার সব রেকর্ড ছাড়িয়ে গেছে। লকডাউনের নিয়ম ও সরকারি বিধিনিষেধ মেনে চলাসহ সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তা না হলে সংক্রমণের হার নিয়ন্ত্রণহীন হতে পারে।