রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১১ জন শিক্ষককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের ডাকা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সোবহান ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিনি ১৩৮ জন শিক্ষক-কর্মচারীকে নিয়োগ দেন।
এ ঘটনায় তলব করা শিক্ষকদের মধ্যে রয়েছেন— এ টি এম সাহেদ পারভেজ, সানজানা সোবহান, অধ্যাপক আনন্দ কুমার সাহা, সাজু সরদার, মো. জুলহাস হোসেন, নূর নুসরাত সুলতানা, মো. সালাউদ্দিন, শিবলী ইসলাম, অধ্যাপক গাজী তৌহিদুর রহমান, অধ্যাপক আব্দুল মজিদ ও অধ্যাপক আব্দুল লতিফ।
এ বিষয়ে অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. সাইদুজ্জামানকে দলনেতা করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন— আফনান জান্নাত কেয়া ও মো. আব্দুল্লাহ আল মামুন।
আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে এসব শিক্ষকদের দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।










