বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রাজধানী ঢাকাজুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ চলছে। সচিবালয়, প্রেসক্লাব, শাহবাগ, পরীবাগ, কারওয়ান বাজার ও দনিয়া থেকে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

রোববার (৪ আগস্ট) সকালে শাহবাগে সংঘর্ষ হয়েছে ছাত্র-জনতা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের। এ সময় বিক্ষুব্ধ জনতা বেশকিছু গাড়ি ভাংচুর এবং সিসিটিভি নষ্ট করে দিয়েছে। ভিডিও ফুটেজ নেয়ার সময় এক ফটো সাংবাদিককে আটক করে জনতা। মাথায় আঘাতও করে। এদের মধ্যে কয়েকজন তাকে রক্ষা করে। একটু পর এসএ টিভির গাড়ি ভাংচুর করে জনতা। এর আগে বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

বেলা ১২টা নাগাদ প্রেসক্লাবে শিক্ষার্থী ও ছাত্রলীগের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর অনেকগুলো চেয়ারে আগুন ধরিয়ে দেয় শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রেসক্লাব এলাকায় গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

দনিয়া আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় থেকে আওয়ামী লীগের একটি মিছিল কাজলা মেইন রোডে ওঠার চেষ্টা করলে আন্দোলনকারীরা তাদের ধাওয়া দেয়। এ সময় স্বেচ্ছাসেবক লীগের নেতা রিপন আন্দোলনকারীদের লক্ষ্য করে শর্টগান দিয়ে গুলি করলে আন্দোলনকারীরা ধাওয়া দিয়ে একজনকে ধরে পিটিয়ে জখম করে।

পৌনে একটার দিকে পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে। এতে গণপূর্তসহ অন্যান্য সরকারি ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে সচিবালয়ের সামনে থেকে আন্দোলনকারীদের ছাত্রলীগ এবং পুলিশ ধাওয়া করে। এ সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।