পরিবারের সবার চোখে ছিল অপেক্ষা, বুকভরা আনন্দ আর স্বপ্ন। তাই তাকে নিয়ে আসতে মা, ভাই-বোন, সঙ্গে ভাগ্নে-ভাগ্নিও গিয়েছিল বিমানবন্দরে। কিন্তু কেউই আর বাড়ি ফিরল না, ফেরার পথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তাদের বহনকারী প্রাইভেট কার ট্রাকে ধাক্কা দিলে প্রাণ হারিয়েছেন আরিফ, তার মা-ভাইবোনসহ পাঁচজন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ভাগ্নে-ভাগ্নি। আর এক দুর্ঘটনাতেই স্ত্রী-তিন সন্তান হারিয়ে পুরোপুরি একা হয়ে গেলেন তাদের ফেরার অপেক্ষায় যশোরের ঝিকরগাছা উপজেলার খোশালনগর গ্রামের বাড়িতে থাকা শহিদুল ইসলাম। এছাড়া গত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে।
যশোর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালীগ্রাম ফ্লাইওভার এলাকায় সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার খোশালনগর গ্রামের শহিদুল ইসলামের বড় ছেলে মালয়েশিয়া প্রবাসী আরিফ হোসেন (৩০), ছোট ছেলে রাকিব হোসেন (২০), মেয়ে আয়শা খাতুন (৩৫), স্ত্রী নুরজাহান বেগম (৫৫) এবং প্রাইভেট কারচালক মণিরামপুর উপজেলার চালুয়াহাটি গ্রামের জাহিদ হোসেন (৩৫)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আয়শা খাতুনের ছেলে হুসাইন (৮) ও মেয়ে তাসফিয়া খাতুন (৩)। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতদের প্রতিবেশী ও স্থানীয় ইউপি সদস্য মোসলেম আলী এবং আবুল বাশার আবু বলেন, শহিদুল ইসলামের বড় ছেলে আরিফ ১১ বছর আগে মালয়েশিয়া গিয়েছিল। প্রবাসে যাওয়ার পর এই প্রথম আরিফ দেশে ফিরছেন, তাই তাকে নিয়ে আসতে পরিবারের সদস্যরা সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। পরে আরিফকে নিয়ে গভীর রাতে প্রাইভেট কারে করে বাড়ির পথে রওনা হন তারা। কিন্তু পথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে শহিদুল ইসলাম তার পুরো পরিবারকে হারালেন। ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, ‘খবর জানতে পেরে নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনরা ঘটনাস্থলে গেছেন বলে জানতে পেরেছি।’
বাগেরহাট: কচুয়ায় ইটবোঝাই ট্রাক ও ব্যাটারিচালিত যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। উপজেলার সাইনবোর্ড-কচুয়া সড়কের নরেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাজিরপুর উপজেলার জুগখোলা এলাকার মো. সাব্বির (২৮) ও কচুয়া উপজেলার পদ্মনগর এলাকার মো. বাদল (৫৪)। এ ঘটনায় আহত অন্য দুজন বর্তমানে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
টাঙ্গাইল: জেলার ঘাটাইলে রাস্তা পার হওয়ার সময় ডাম্প ট্রাকের ধাক্কায় মো. নুরুল ইসলাম নূরু (৬৫) নামে এক তাবলিগ জামাতের আমির নিহত হয়েছেন। নুরুল ইসলাম উপজেলার লখিন্দর ইউনিয়নের কাজলা গ্রামের বাসিন্দা এবং বৃহত্তর রসুলপুর ইউনিয়নের প্রয়াত তাজ উদ্দিন চেয়ারম্যানের ভাতিজা। তিনি উপজেলার লখিন্দর ইউনিয়নের তাবলিগ জামাতের আমির ছিলেন। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম: কর্ণফুলীতে মোটরসাইকেলের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। গতকাল কর্ণফুলী শাহ আমানত সেতুর প্রথম সিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের বাসিন্দা দুর্গাপদ মল্লিক (৭০) ও তার ছেলে বিধান মল্লিক (৪৭)। বিধান মল্লিক কর্ণফুলীর দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। তারা নগরের পাথরঘাটা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ময়মনসিংহ: নগরীর মনতলা বাজার এলাকায় ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই নারী গুরুতর আহত হয়েছেন। গতকাল ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানাধীন মনতলা বাজারের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জাগো বলেন, ‘দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া। নিহতের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে কাজ চলছে।’










