মাসোহারার টাকা না পেয়ে একটি রেস্তোরাঁর দুই কর্মচারীকে মারধর করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল বারেককে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোলাকান্দাইলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সুগন্ধা রেস্তোরাঁয় সাগর ও নাঈম নামে দুই কর্মচারীকে প্রকাশ্যে মারধর করেন এএসআই আব্দুল বারেক। শুক্রবার এ ভিডিও ছড়িয়ে পড়লে ওইদিন রাতেই তাকে প্রত্যাহার করা হয়।

ভিডিওতে দেখা যায়, পুলিশের পোশাক পরা এক ব্যক্তি রেস্তোরাঁয় প্রবেশ করে কাউন্টারে বসা এক যুবককে চড়-থাপ্পড় মারতে থাকেন। পরে আরো এক যুবককে মারতে থাকেন ওই পুলিশ কর্মকর্তা।

মারধরের শিকার সাগর ও নাঈম বলেন, প্রতি মাসে ভুলতা ফাঁড়ির পুলিশকে ২০০ টাকা করে মাসোহারা হিসাবে দিতে হয়। ঈদের ছুটিসহ নানা কারণে এ মাসে টাকা দিতে বিলম্ব হওয়ায় এএসআই বারেক তাদের মারধর করেন বলে অভিযোগ করেন দুজন।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত এএসআই আব্দুল বারেকের সেলফোনে একাধিকবার কল করলেও তার সাড়া পাওয়া যায়নি। তবে মাসোহারার বিষয়টি অস্বীকার করে ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহাবুব জানান, পানির বোতল প্রতি অতিরিক্ত টাকা রাখার অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই পুলিশ কর্মকর্তা রেস্তোরাঁর দুই কর্মচারীকে মারধর করেন।