খুলনার খালিশপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা চালিয়ে আসিফ (২২) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় যখম হয়েছেন আরো দুজন। গতকাল বুধবার রাত ১০টার দিকে খালিশপুর লাল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, আধিপত্যকে কেন্দ্র করে রাতে হামলার ঘটনা ঘটে। এতে আসিফ নামে এক তরুণ নিহত হয়। এছাড়াও জোবায়ের (২৫) ও রানা (২৫) নামে আরো দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা স্থানীয় ছাত্রলীগের সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।

পুলিশ জানায়, নিহত আসিফের ডান হাতের মাসলে ২টা, ডান হাতের কনুইর নিচে, গলার ডান পাশে, পিঠের বাম পাশে ও মাথার মাঝখানে কোপের আঘাত রয়েছে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর ভর্তি জোবায়ের (২৫) এর মাথার সামনের দিকে মাঝখানে, ডান ও বাম হাতের কব্জির উপরে এবং ডান পায়ের গোড়ালির নিচে কোপ রয়েছে। তিনি বি এল কলেজে সম্মান শেষ বর্ষের ছাত্র। রানার (২৫) পিঠের ডান সাইডে উপরে কোপ এর চিহ্ন রয়েছে।

পুলিশ জানায়, নিহত আসিফ খালিশপুর তৈয়বা কলোরির হাবিবুর রহমানের ছেলে। আর জখম জোবায়ের খালিশপুর মানুষী বিল্ডিং এর আলতাফ হোসেনের ছেলে ও মো. রানা ওয়ান্ডারল্যান্ড পার্কের মোড় এলাকার মো. সানোয়ার এর ছেলে।

খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল বলেন, স্থানীয় যবকদের মধ্যে আধিপত্য নিয়ে হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। হতাহতরা কেউ ছাত্রলীগের কোন কমিটিতে নেই। এলাকার মিটিং-মিছিলে আসতে পারে। 

পুলিশ এ ঘটনায় তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি প্রত্যাশা করেন।