চট্টগ্রাম নগরীর টেরীবাজার হাজারি লেনে হামলা, ভাংচুর ও পুলিশের গায়ে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন ৮০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গত মঙ্গলবার সন্ধ্যায় ওসমান আলী নামে একজন ব্যক্তির ইসকনবিরোধী একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ছাড়াও দোকানপাট সিলগালা করে দেয়া হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টায় নগরীর দামপাড়ায় সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড ক্যাম্পে সংবাদ সম্মেলনে যৌথ বাহিনীর পক্ষে টাস্কফোর্স-৪-এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আহমেদ এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতকারীদের শনাক্তকরণের প্রক্রিয়া চলমান। আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদসহ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে হস্তান্তরের বিষয়টিও প্রক্রিয়াধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং হাজারি গলিসহ নগরীর অন্যান্য এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’










