ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খরমপুর কেল্লা
শহীদের মাজারে আসা চার ব্যক্তি নিহত হয়েছেন। এর মধ্যে ট্রেনে কাটা পড়ে দুজন এবং অন্য
দুজন ট্রেনে কাটা থেকে জীবন বাঁচতে রেলওয়ে ব্রিজ থেকে পানিতে ঝাঁপ দিয়ে মারা যান।
গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে
৮টার দিকে ঢাকা-সিলেট রেলপথের খরমপুর এলাকায় এই ঘটনা ঘটে। আজ শুক্রবার দুপুর পর্যন্ত
নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি রেলওয়ে পুলিশ ও পুলিশ প্রশাসন।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন
আখাউড়া রেলওয়ে জংশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার।
তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার খরমপুর কেল্লা
শহীদের মাজারে ওরস শুরু হয়েছে। এতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসেছেন।
রাতে অসংখ্য মানুষ রেললাইন দিয়ে খরমপুরে হেটে যাচ্ছিলেন। এসময় সিলেট থেকে ছেড়ে আসা
পারাবত এক্সপ্রেস ট্রেনে দুজন কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন। এছাড়া প্রাণ বাঁচাতে কয়েকজন
নদীতে ঝাঁপ দেন।
এরপর আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত
খরমপুর তিতাস নদীর ২ নম্বর সেতুর নিচ থেকে পানিতে ঝাঁপ দেয়া দুজনের মরদেহ উদ্ধার করা
হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আসাদুল ইসলামও চারটি মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করেছে।










