কক্সবাজারের মহেশখালীতে গভীর নিম্নচাপের প্রভাবে অতিরিক্ত জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উপজেলার কুতুবজোমের ঘটিভাঙা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দানু মিয়া ঘটিভাঙা এলাকার মৃত নূর হোসেনের পুত্র। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে পরিবার।

স্থানীয়রা জানান, সাগরে জোয়ারের পানি বেড়ে লোকালয়ে ঢুকে পড়ে। দানু মিয়া দুপুরে দোকান থেকে বাড়ি ফেরার পথে সেই পানিতে পড়ে অজ্ঞান হয়ে যান। সেখান থেকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা মাহফুজুল হক জানান, হাসপাতালে পৌঁছার আগে তার মৃত্যু হয়েছে।