ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্রিয়েটিভ মার্কেটিং ক্লাব (ইডব্লিউইউসিএমসি) এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে ‘লার্ন টু লিড’ শীর্ষক করপোরেট সেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ৩৫০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেন।

উদ্বোধনী পর্বে ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান এবং ইউনিলিভার বাংলাদেশের বিজনেস ইউনিট হেড জাহিন সাজিদুল ইসলাম।

দিনব্যাপী আয়োজনটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। ‘ফ্যাকাল্টি কানেক্ট’ সেশনে ইউনিলিভারের কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। আলোচনায় একাডেমিক শিক্ষার সঙ্গে বর্তমান করপোরেট জগতের চাহিদার ব্যবধান কীভাবে কমিয়ে আনা এবং কৌশলগত সহযোগিতা বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা হয়।

অন্যদিকে শিক্ষার্থীদের জন্য আয়োজিত ‘দ্য মাস্টারক্লাস’ অনুষ্ঠিত হয়। এতে দেশের চাকুরির বাজারে প্রতিযোগিতাপূর্ণ করপোরেট এন্ট্রি পয়েন্টে, বিশেষ করে ইউনিলিভার লিডার্স ইন্টার্নশিপ প্রোগ্রাম এবং ইউনিলিভার ফিউচার লিডার্স প্রোগ্রামে শিক্ষার্থীরা কীভাবে নিজেদের যোগ্য করে তুলবে এবং সফল হবে, সেই বিষয়ে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়া হয়।

অনুষ্ঠানের শেষভাগে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা করপোরেট বিশ্বে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন নিয়ে স্পিকারদের বিভিন্ন প্রশ্ন করেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ নেন।