প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দপ্তর ও সংস্থার দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখতে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে সরকার।’ এ কমিটিকে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে সংঘটিত অনিয়মের তদন্ত করে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

এ সময় মীর শাহে আলম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন।’

পিরোজপুরের উন্নয়ন প্রকল্প নিয়ে অনিয়মের তথ্য তুলে ধরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘পিরোজপুরে প্রকল্পের টেন্ডার দেয়ার পর কোনো কাজ ছাড়াই ৬ হাজার কোটি টাকা তুলে নেয়া হয়েছে। এ কারণে দুই বছর ধরে পিরোজপুরের সব উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে।’ 

তিনি বলেন, ‘শিগগিরই পিরোজপুরে সরজমিনে পরিদর্শন করে বন্ধ প্রকল্প চালুর ব্যবস্থা নেয়া হবে।’

প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরো বলেন, ‘এভাবে অন্য অনেক জেলায় রাস্তা নির্মাণ ও সেতু নির্মাণের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি হয়েছে।’