বিএনপি বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করার পরিবর্তে ভিন্নমতের জায়গাগুলোয় 'নোট অব ডিসেন্ট' দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কনভেনশন হলে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কর্তব্য।
কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এ সরকারের কাজ নয় উল্লেখ করে তিনি বলেন,বিএনপি সরকারের প্রতি কোনো রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্নমতের জায়গাগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে। এটাকেই ঐকমত্যে পৌঁছানোর ডিসেন্ট ওয়ে বা সভ্য গণতান্ত্রিক পথ মনে করে বিএনপি।









