এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। রাজধানীর প্রগতি সরণির নর্দ্দা নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাগেরহাটের লাইজু বেগম (৩৮), তার স্বামী কবির জমাদ্দার (৪৭) ও খুশি বেগম (৩৫) এবং পটুয়াখালীর মির্জাগঞ্জের রবিউল ইসলাম (২২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পটুয়াখালী থেকে ছেড়ে আসা বিমানবন্দর-উত্তরা অভিমুখী ইসলাম পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে নর্দ্দা এলাকা পার হচ্ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের মাঝখানের সড়ক বিভাজক (রোড ডিভাইডার) ভেঙে বিপরীত লেনের গুলিস্তানগামী আকাশ পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এতে আকাশ পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পর স্থানীয় জনতা, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারকাজ শুরু করে। হতাহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বারিধারা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার এসআই নেসার উদ্দিন বণিক বার্তাকে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। এরপর কুর্মিটোলা হাসপাতালে দুজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরেকজন মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একটু কম আহত হয়ে আরো ১০ জন চিকিৎসা নিচ্ছেন।










