নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদেশী পিস্তল ও বিপুল পরিমাণ ধারালো অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে ডাকাতির প্রস্তুতির সময় উপজেলার পূর্বভবনাথপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন ডাকাত সর্দার সাখাওয়াত হোসেন রনি (২৫), সোহেল
(৩২), শহিদুল
ইসলাম (২৬), আল
আমিন (২৩), ইসমাইল
(৩৮) ও সুজয় দে (৩০)।
র্যাব জানায়, ওই ব্যক্তিরা ড্যান্স একাডেমির আড়ালে দীর্ঘদিন ডাকাতি করছিল। তাদের বিরুদ্ধে ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার থানায় চুরি, ডাকাতি ও ধর্ষণের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
গতকাল দুপুরে সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা।
তিনি জানান, ডাকাতির উদ্দেশ্যে একদল সশস্ত্র ডাকাত ট্রাকে করে রওনা দিয়েছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব তাদের পিছু নেয়। পূর্বভবনাথপুর এলাকায় ট্রাক থামিয়ে তল্লাশির পর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং ড্যান্স একাডেমির আড়ালে ডাকাতি করে থাকে।
র্যাবের অধিনায়ক তানভীর আরো জানান, চক্রটি ড্যান্স গ্রুপের নামে প্রবাসী ও বিত্তবানদের বাড়িতে সামাজিক অনুষ্ঠানে কনসার্ট বা ডিজে পার্টি করতে গিয়ে সখ্য গড়ে তোলে এবং সম্পদের খোঁজখবর নেয়। পরে পরিকল্পনা অনুযায়ী টার্গেটকৃত বাড়িতে সুযোগ বুঝে হানা দিয়ে অর্থ ও স্বর্ণালংকার লুট করে।










