এনসিপির সদস্য সচিব এবং রংপুর-৪ আসনে সংসদ সদস্য প্রার্থী আখতার হোসেন বলেছেন, এগারো দলীয় জোট নির্বাচিত হলে আমরা উত্তরাঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করব। এগারো দলীয় জোট নির্বাচিত হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।

রোববার (১ ফেব্রুয়ারী) রংপুর-৪ আসনে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘ সময় ধরে জুলুমের শিকার হয়েছে। শতশত গুম খুন জুলুমের মধ্যে দিয়ে নতুন এক বাংলাদেশ পেয়েছি। জুলুম থেকে মুক্ত হলেও দুর্নীতি, ঘুষ, রাষ্ট্রীয় ষড়যন্ত্র থেকে মুক্ত হতে পারি নাই। সেই সংস্কার করতে বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলীয় ঐক্য জোট করেছি। দালাল ও নেতার ওপর নির্ভরতা কমিয়ে জনগণের সেবাগুলো জনগণের দোড়গড়ায় পৌঁছে দিতে চাই। কাউনিয়া হারাগাছায় সব আয়ব্যায়ের হিসাব বোর্ডের মাধ্যমে প্রদর্শন করব। গর্ভবতী মায়েদের নিরাপদে প্রসব করার জন্য ভ্রাম্যমান মেডিকেল সেন্টার করব। আমরা আমাদের মায়েদের দোরগোড়ায় ভ্রাম্যমাণ মেডিকেল সেন্টার করে স্বাস্থ্যসেবা পৌঁছে দিব ইনশাআল্লাহ।

এ সময় আরো বক্তব্য দেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, দলটির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম।