নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নগর পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। গতকাল সকালে তার নেতৃত্বে বিশ্বব্যাংকের একটি দল নাসিকের নির্মিত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে।
বেলা ১১টায় প্রতিনিধি দলটি শহরের আলী আহাম্মদ চুনকা পাঠাগার পরিদর্শন করে। পরে প্রতিনিধি দলের সদস্যরা শহরের শেখ রাসেল নগর পার্ক, বাবুরাইল লেক, জিমখানা লেক পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দুপুরে সিটি করপোরেশনের নগর ভবনে শহরের উন্নয়ন এবং পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় যোগ দেয়। সেখানে সিটি করপোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হলে সন্তোষ প্রকাশ করেন তারা।
সভায় সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার, কান্ট্রি ডিরেক্টর আব্দুলাই সেক, নাসিক সিইও শহীদুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ইশিতা এ অবনী প্রমুখ।









