লক্ষ্মীপুরে মজুচৌধুরীরহাট এলাকার মেঘনা নদীতে ট্রলার ও স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষরে ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিদুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুনুর রশিদ ও এনডিসি মো. রাজিব হোসেনসহ ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে যান জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও জেলা প্রশাসন সূত্রে জানায়, আগামী ১২ ডিসেম্বর নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী লক্ষ্মীপুরে মেঘনা নদীতে ড্রেজিংয়ের কাজ উদ্বোধন করার কথা রয়েছে। প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষ আজ বিকালে ওই এলাকা পরিদর্শনে যান অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহিদুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরিদর্শন শেষে স্পিডবোট নিয়ে ফেরার পথে সন্ধ্যায় মজুচৌধুরীরহাট এলাকায় মেঘনার নদীতে ট্রলারের সঙ্গে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছয় প্রশাসনিক কর্মকর্তা আহত হন।










