চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা পর্যন্ত জেলার ৫টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কনক কুমার দাস জানিয়েছেন, গ্রেফতারকৃতরা হলেন সদর থানাধীন চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে ছাত্রলীগের সক্রিয় কর্মী আবির হাসান (১৯) ও আলমডাঙ্গা থানাধীন আলমডাঙ্গা উপজেলার কুটিপাইকপাড়া গ্রামের মরহুম এলাহী মন্ডলের ছেলে ও আঁইলহাস ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন (৫৫), একই উপজেলার ঘোলদাড়ী গ্রামের মরহুম মোফাজ্জল মন্ডলের ছেলে ও আঁইলহাস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান (৫০), দামুড়হুদা মডেল থানাধীন একই উপজেলার চারুলিয়া গ্রামের হিসাব আলী ওরফে ইদুর ছেলে নাটুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী নাসিরুল ইসলাম (২৭), জীবননগর থানাধীন ওই উপজেলার কাশিপুর গ্রামের মরহুম আইনাল শাহের ছেলে কেডিকে ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি জহির হক (৪১) এবং দর্শনা থানাধীন পৌর এলাকার মৃত কাশেম মন্ডলের ছেলে ৫নং ওয়ার্ড পৌর যুবলীগের সহ সভাপতি সোহেল রানা ওরফে বডি সোহেল (৩৫)।

তিনি আরো জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলার ৫টি থানায় বিভিন্ন মামলা রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি ।