সিরাজগঞ্জে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই ও দুই ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল এ আদেশ দেন জেলা ও দায়রা জজ ফজল-এ-খোদা মোহাম্মদ নাসির।
সিরাজগঞ্জ জেলা জজ আদালতের সরকারি আইনজীবী গাজী আব্দুর রহমান জানান, ভিকটিম রহমত আলী হত্যা মামলায় আসামি আপন ভাই মোহাম্মদ নুরুল ইসলাম, ভাতিজা
হাসমাতুল্লাহ
ও হাসান আলীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মহিষলুটি উত্তর পাড়া গ্রামের মৃত মজিবর রহমানের দুই ছেলে রহমত আলীর সঙ্গে তার আপন বড় ভাই নুরুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ ধারাবাহিকতায় নিজ বাড়িতে ২০১৬ সালের ৪ মার্চ রহমত আলীর সঙ্গে তার ভাই নুরুল ইসলামের পরিবারের বাড়ির ভিটা নিয়ে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে নুরুল ইসলাম ও তার দুই ছেলে হাসমাতুল্লাহ ও হাসান আলী রহমত আলীকে কুপিয়ে হত্যা করেন।










