নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে সিদ্ধিরগঞ্জ থানার একটি অস্ত্র মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সাবিনা ইয়াসমিনের আদালত এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাউদ্দিন সুইট জানান, ২০১৪ সালের ১৫ মে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় নূর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবার, আট রাউন্ড গুলি ও আটটি শর্টগানের গুলি উদ্ধার করে আইনশৃঙ্খলাবাহিনী। এ ঘটনায় নূর হোসেনকে আসামি করে অস্ত্র আইনে আলাদা মামলা করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। সেই মামলায় পুলিশ তদন্ত শেষে তিন মাস পর অভিযোগপত্র দাখিল করলে আদালত বিচার প্রক্রিয়ায় চারজনের সাক্ষ্য গ্রহণ করেন। পরে অভিযোগ প্রমাণ হওয়ায় আসামি নূর হোসেনকে দুটি ধারায় আলাদাভাবে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয়েছে।