সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সেনাপ্রধান বলেন, একজন সেনাসদস্যের পেশাগত উৎকর্ষতা অর্জনে ফায়ারিং দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। সেনাবাহিনীর এ প্রতিযোগিতা প্রতিবছর সদস্যদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি মন্তব্য করেন।
এবারের প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হয়েছে।
প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হন সৈনিক পিয়াল মন্ডল (১৭ পদাতিক ডিভিশন)। দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ারার হন সৈনিক তানভীর হোসেন (১০ পদাতিক ডিভিশন) এবং শ্রেষ্ঠ মহিলা ফায়ারার হন সৈনিক জবা আক্তার (২৪ পদাতিক ডিভিশন)।
গত ১৬ মে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।
অনুষ্ঠানে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স (এমজিও), বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির কমান্ড্যান্ট, ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার, ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










