রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে রাস্তায় নেমে এসেছে হাজার
হাজার মানুষ। সকালে যাত্রাবাড়ী, কেন্দ্রীয় শহীদ মিনার, বাড্ডা, উত্তরা মিরপুরসহ বিভিন্ন
জায়গায় বিক্ষোভের খবর পাওয়া যায়। পরে বেলা দেড়টার দিক থেকে মানুষ রাস্তায় নেমে আসতে
শুরু করে। বর্তমানে হাজার হাজার আন্দোলনকারী শাহবাগ এলাকায় জড়ো হচ্ছে।
এর আগে খবর আসে যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
আজ সোমবার (৫ আগস্ট) বেলা ২টায় জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর
(আইএসপিআর) থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়। সে সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা
পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ জানায় আইএসপিআর।
দেড়টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেটও চালু করা হয়, যা সকালে বন্ধ করা
হয়েছিল। মোবাইল ইন্টারনেটও চালুর নির্দেশনা দেয়া হয়েছে বলে বেলা পৌনে দুইটার দিকে জানা
যায়।
তখন থেকেই শাহবাগে হাজার হাজার মানুষ অবস্থান নেন। বিভিন্ন জায়গা
থেকে সেখানে মানুষ আসছেন। সবাই স্লোগান দিচ্ছেন।
এদিকে মিরপুরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। মিরপুরের পল্লবী,
১০ ও ১১ নম্বর থেকে মিছিল নিয়ে মানুষ ১০ নম্বর সেকশনে জড়ো হন। সেখান থেকে তারা আগারগাঁওয়ের
দিকে রওনা দিয়েছেন।
রাজধানীর উত্তরা থেকে বনানী অভিমুখে আগিয়ে আসছেন আন্দোলনকারীদের একটি
দল। সেখানে শিক্ষার্থী-অভিভাবক ছাড়াও স্থানীয় মানুষ রয়েছে ওই দলে। তারা খণ্ড খণ্ড মিছিল
নিয়ে এগিয়ে যাচ্ছেন। বিক্ষোভকারীরা বেলা দেড়টার দিকে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
পার হয়ে সামনের দিকে যান।










