গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে এ নামাজ অনুষ্ঠিত হয়। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছেন তাবলিগ জামাতের মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির অনুসারীরা।
জুমায় অংশগ্রহণকারীরা জানান, শুক্রবার বেলা দেড়টায় খুৎবা শুরু হয়। এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে ১টা ৫৫ মিনিটে শেষ হয়। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।
ইতিহাসে এবারই প্রথম শবেবরাতের রজনীতে হচ্ছে বিশ্ব ইজতেমা। দেশ-বিদেশের মুসল্লিরা রাতে টঙ্গীর তুরাগতীরে ইজতেমার ময়দানে একসঙ্গে পবিত্র শবেবরাত পালন করবেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশ থেকে মুসল্লিরা ময়দানে জড়ো হন।










