লক্ষ্মীপুরে গভীর রাতে ঘরে ঢুকে মনির হোসেন (৪০) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় গুরুতর জখম হয়েছেন তার স্ত্রী মনিরা বেগমও।
গতকাল বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার (১৮ডিসেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহত মনির হোসেন একই গ্রামের মো. বশিরের ছেলে। তিনি ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক।
প্রত্যক্ষদর্শী নিহতের মেয়ে আঁখি ও স্বজনরা জানায়, গভীর রাতে যখন বাড়ির সবাই গভীর ঘুমে তখন একদল মুখোশ পড়া লোক দরজা ভেঙে ঘরে প্রবেশ করেই বাবা মনির ও মা মনিরা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ফেলে রাখে। পরে পাশের কক্ষে গিয়ে তাদের সবাইকে বেঁধে ফেলে। ঘরে থাকা নগদ ২ লাখ টাকা ও নগদ স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় তারা। চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় মনির ও তার স্ত্রীকে বিছানায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। আর পাশের কক্ষে পরিবারের অন্য সদস্যদের হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। আহত দুজনকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে মারা যান যুবলীগ নেতা মনির।
লক্ষ্মীপুর সদর থানার ওসি আজিজুর রহমান মিয়া এসব তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এটি ডাকাতি নাকি প্রতিহিংসার শিকার তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।










