গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাকসহ তুরাগ নদীতে পড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ব্রিজ ভেঙে যাওয়ার ঘটনায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে ট্রাফিক বিভাগের নির্দেশনায় পরে টঙ্গী-কামারপাড়া বিকল্প সড়কে যানবাহন চলাচল করছে।

গাজীপুর ট্রাফিক বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই আবদুল্লাহপুর-টঙ্গী বেইলি ব্রিজটি নড়বড়ে ছিল। গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি প্রকল্পের নির্মাণ কাজ শুরুর সময় তুরাগ নদীর ওপর ব্রিজ নির্মাণের কারণে যানবাহন চলাচলের সুবিধার্থে এই বেইলি ব্রিজটি স্থাপন করা হয়েছিল। কিন্তু প্রতিদিন বিপুল পরিমাণ যানবাহন চলাচলের কারণে ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। শনিবার ভোরে পাথরবাহী একটি ট্রাক যাওয়ার সময় ব্রিজটি ভেঙে নদীতে পড়ে যায়। ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ও মিডিয়া বিভাগ জানিয়েছেন, ভোরে টঙ্গীর বেইলি ব্রিজটি ভেঙে নদীতে পড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় এ সড়ক ব্যবহারকারী সকলকে বিকল্প হিসেবে কামারপাড়া মুন্নুগেট সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান বলেন, ভোরে তুরাগ নদীতে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।