ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় জেলা শহরের বাগানবাড়ি এলাকার শ্বশুরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারি চৌধুরী মন্টু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আল মামুন সরকার দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। আজ সকালে ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। আজ বাদ আছর জেলা ঈদগাহ মাঠে মরহুমের মরদেহের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

আল মামুন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এক শোকবার্তায় মরহুমের  বিদেহী আত্মার মাগফিরাত  কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ছাত্রজীবন থেকে আল মামুন সরকার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি এবং জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি।