রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন রাবি প্রেসক্লাব তাদের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টায় প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। এরপর প্রেসক্লাবের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
বেলা ১১টায় ডিনস কমপ্লেক্সে 'জুলাই বিপ্লবোত্তর গণমাধ্যমের সংস্কার' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জুবায়ের জামিল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনির হোসেন মাহিন।
প্রধান অতিথি অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। ক্যাম্পাস সাংবাদিকতার মাধ্যমে তারা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আমাদের সচেতন করেছে। তাদের সাফল্য কামনা করি।
প্রধান আলোচক ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনের নবনিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হোসেন। তিনি বলেন, গণমাধ্যমের সংস্কারে সাংবাদিকদের মানসিকতার পরিবর্তন জরুরি। সাংবাদিকতায় টিকে থাকতে হলে চাপ মোকাবেলা শিখতে হবে।
আলোচনা সভায় বর্ষসেরা প্রতিবেদকদের পুরস্কার প্রদান করা হয়েছে। পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন— মাল্টিমিডিয়া ক্যাটাগরিতে বাংলাভিশনের সৈয়দ সাকিব, অনুসন্ধানী ক্যাটাগরিতে দৈনিক মানবজমিনের মারুফ হোসেন মিশন, স্পেশাল নিউজ ক্যাটাগরিতে দৈনিক বণিক বার্তার আবু ছালেহ শোয়েব, ডেইলি ইভেন্ট ক্যাটাগরিতে দৈনিক যায়যায়দিনের ফজলে রাব্বি পরশ এবং উদীয়মান ক্যাটাগরিতে দৈনিক আমাদের বার্তার ফাহমিদুর রহমান ফাহিম।
বিকাল ৪টায় প্রেসক্লাবের সাবেক সদস্যদের নিয়ে স্মৃতিচারণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়, যেখানে সাবেক ও বর্তমান সদস্যসহ দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, অধ্যাপক ফরিদ উদ্দিন খান, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ড. মো. আমজাদ হোসেন এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারসহ আরো অনেকে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।










