বাংলাদেশে ফরাসি বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শার্লে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে তিনি এ আগ্রহের কথা জানান।

বৈঠকে রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় অর্থনৈতিক দেশ। দ্রুত শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং বৃহৎ ভোক্তা বাজারের কারণে দেশটি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য ক্রমেই আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে।

এ সময় উভয়পক্ষ ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো খাতে সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য সুবিধা সহজীকরণ এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিনিয়োগবান্ধব ও প্রতিযোগিতামূলক অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে সরকার ধারাবাহিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়া সহজ করতে প্রশাসনিক জটিলতা কমানো, অনুমোদন প্রক্রিয়ার ডিজিটালাইজেশন এবং সেবার গতি বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, বিদেশী বিনিয়োগকারীদের জন্য ‘ব্যবসা পরিচালনার সহজতা’ উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে ব্যবসা নিবন্ধন, অনুমোদন ও সেবা প্রদান প্রক্রিয়াকে আরো সময়োপযোগী ও কার্যকর করা হচ্ছে।

রাষ্ট্রদূত এসব উদ্যোগকে স্বাগত জানান এবং বাংলাদেশে ফরাসি বিনিয়োগ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম খান ছিলেন।