নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৯টা থেকে সংঘর্ষ শুরু হয়ে বুধবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় থেমে থেমে গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লাল মিয়া মেম্বার এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক পরিচয়দানকারী মোসাদ্দেক হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

সংঘর্ষ থামাতে সেনাবাহিনীর একটি মোবাইল টিম মঙ্গলবার রাতে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বুধবার সকালে আবারো সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের কারণে বুধবার বিকাল ৩টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

মঙ্গলবার রাতের সংঘর্ষে গুলিতে পাঁচদোনা এলাকার শাহিন মিয়ার ছেলে রনি মিয়া (৩২) আহত হন। তাকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে আরো আহত হয়েছেন— শ্রমিক নেতা আলম মিয়া (৫৫), মিজান মিয়ার ছেলে শুভ (১৯) ও জামাল মিয়ার স্ত্রী লিজা বেগম (৩২)। এছাড়া অজ্ঞাত আরো ছয়জন আহত হয়েছেন।

মাধবদী থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিএনজি স্ট্যান্ড নিয়ে দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।