উন্নত চিকিৎসার জন্য সকালে তার বড় ভাই জাহাঙ্গীর মোল্লা একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন। এ সময় আলমগীর মোল্লার সঙ্গে তার স্ত্রী, বড় ভাই ও তার অসুস্থ স্ত্রীও অ্যাম্বুলেন্সে ওঠেন। তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আজই আবার মাদারীপুরে ফেরার কথা ছিল। কিন্তু সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা সদর উপজেলার শংকরপাশা এলাকায় পৌঁছলে বিআরটিসির একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এছাড়া গতকাল দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো সাতজনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইল, চট্টগ্রাম, চাঁদপুর, ঝালকাঠি ও নারায়ণগঞ্জে এসব ঘটনা ঘটে।
ফরিদপুর: হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন। নিহত সবার বাড়ি মাদারীপুরে। তাদের মধ্যে চারজন হলেন ওয়াহেদ মোল্লার দুই ছেলে জাহাঙ্গীর মোল্লা (৬৫) ও আলমগীর মোল্লা (৬০), জাহাঙ্গীরের স্ত্রী মাজেদা আক্তার ওরফে বেলি (৫৫) ও আলমগীরের স্ত্রী খুশিদা বেগম (৫০) এবং চালক কাওসার মাতুব্বর। এদিকে একই পরিবারের চারজনকে হারিয়ে বিমূঢ় হয়ে পড়েছেন পরিবারের অন্য সদস্যরা। এমন ঘটনায় তারা হতবিহব্বল। এমন শোকের ঘটনা তাদেরকে স্তব্ধ করে দিয়েছে। সড়ক দুর্ঘটনায় দুই ছেলে ও দুই পুত্রবধূকে হারিয়ে বিলাপ যেন থামছে না শয্যাশায়ী ওয়াহেদের। তিনি বারবার আহাজারি করে বলছেন, ‘আমার বাপে গো লগে এইয়া কী হইলো রে। আল্লাহ রে তুমি এইডা কী করলা রে!’
টাঙ্গাইল: বাসাইলে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলো উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৫), একই গ্রামের শওকত আলীর ছেলে মো. লিমন (১৪) ও সোলাইমানের ছেলে মো. সায়মন (১৪)। তারা মোটরসাইকেলের আরোহী ছিল। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ: রূপগঞ্জের ৩০০ ফিট গোলচত্বর এলাকায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. নাসির উদ্দিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি কোম্পানির মেসে বাবুর্চির কাজ করতেন।
চাঁদপুর: শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় রবিউল আলম (৫২) নােম এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শিবপুর বাংলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝালকাঠি: নলছিটিতে তিন চাকাবিশিষ্ট একটি পণ্যবাহী ট্রলি উল্টে গাড়ির মালিক নিহত হয়েছেন। নিহত হানিফ মাঝি (৩৮) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি এলাকার সুলতান মাঝির ছেলে।
চট্টগ্রাম: মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
নিহত ব্যক্তির নাম মো. আলী হোসেন (৬৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সিএনজিচালিত অটোরিকশা অর্থনৈতিক অঞ্চল থেকে যাত্রী নিয়ে বের হচ্ছিল। এ সময় সামনে থাকা একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক বৃদ্ধ নিহত হন। নিহতের স্বজন ও আহতদের সঙ্গে থাকা বন্ধু ইকবাল হোসেন (১৯) বলেন, ‘দুর্ঘটনার সময় সিএনজিতে কয়েকজন যাত্রী ছিলেন। ট্রাকটি হঠাৎ ব্রেক করায় চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি এবং মুহূর্তের মধ্যেই সংঘর্ষ ঘটে।’










