গাইবান্ধা জেলা সদর হাসপাতালে চলমান বিভিন্ন অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের ডিবি রোডে গাইবান্ধা নাগরিক মঞ্চের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে রোগীদের জন্য দ্রুত উন্নত চিকিৎসা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

এ সময় গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কাজী আব্দুল ওয়াদুদ, অ্যাডভোকেট ফারুক হোসেন, জাহাঙ্গীর কবীর, গোলাম রব্বানী মুসা, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট কুশলাশীষ চক্রবর্তী, ফিরোজ কবির রানা, মৃণাল কান্তি বর্মণ, অঞ্জলী রাণী দেবী, কাজী আব্দুল খালেক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গাইবান্ধা জেলা সদর হাসপাতালটি ডাক্তার, নার্স ও কর্মকর্তাদের নানা ধরনের অনিয়ম-দুর্নীতি ও অব্যবস্থাপনাসহ বহুবিধ সমস্যা জর্জরিত। এখানে সরকারিভাবে বরাদ্দকৃত এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম মেশিন থাকলেও তা প্রায়ই বিকল হয়ে থাকে। বাইরে থেকে এক্স-রে ও অন্যান্য পরীক্ষা করতে হয়। রোগীদের হাসপাতাল থেকে বরাদ্দকৃত ওষুধ দেয়া হয় না। বিভিন্ন অজুহাতে রোগীদের রংপুর, বগুড়ায় রেফার করা হয়ে থাকে। তাতে গরিব রোগীরা অসহায় হয়ে পড়ে। পথে অনেক সময় রোগীর মৃত্যুর ঘটনাও ঘটে থাকে।

এ সময় রোগীর স্বজনের সঙ্গে দুর্ব্যবহার, দালালদের দৌরাত্ম্য, বেডে ভর্তি রোগীদের নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ তোলেন বক্তারা। পাশপাশি হাসপাতালের টয়লেট ব্যবস্থার দ্রুত সংস্কার, আবর্জনামুক্ত নির্মল পরিবেশ ও সরকারি বরাদ্দকৃত ওষুধের সুষ্ঠু সরবরাহ, পর্যাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার ও দক্ষ নার্স নিয়োগের দাবি জানান তারা।