জুলাই গণ-অভ্যুত্থানে নিহত চট্টগ্রামের কিশোর মো. ইশমামুল হক চৌধুরীর কবর জিয়ারতের মধ্য দিয়ে চট্টগ্রাম থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। দেশজুড়ে ১১ দিনের এ পদযাত্রায় সংস্কার বাস্তবায়নে জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করবেন দলটির নেতারা। পাশাপাশি সংসদ নির্বাচনে নিজেদের দলের প্রতীক ‘শাপলা কলি’র প্রচারও করা হবে।
গতকাল বেলা ১১টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দর্জিপাড়া গ্রামে ইশমামুল হক চৌধুরীর কবর জিয়ারত করেন এনসিপির নেতারা। এরপর সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে নেতৃত্ব দেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘ইশমামুল হকরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন, সেই স্বপ্নের বাংলাদেশ এ নির্বাচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হবে। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে জুলাই শহীদদের আকাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নের পথ সুগম হবে।’
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন এবং চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক ও চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফ প্রমুখ।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে লোহাগাড়া উপজেলায় পৌঁছলে আসিফ মাহমুদসহ এনসিপির কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন দলের লোহাগাড়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী জহির উদ্দিন।
এনসিপির নেতারা জানান, সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা এবং দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিজয় নিশ্চিত করার লক্ষ্যে দেশজুড়ে ১১ দিনব্যাপী এ নির্বাচনী পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থীদের পক্ষে ভোট চাওয়া হবে।
জাতীয় যুবশক্তি চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল ইসলাম সাঈদ জানান, কবর জিয়ারতের পর চট্টগ্রাম-৮ আসনের বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাকায় এনসিপির প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফের পক্ষে নির্বাচনী পথসভা ও প্রচারণায় অংশ নেন আসিফ মাহমুদসহ নেতারা।










